নাটোরের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। বৃহস্পতিবার (২৮ মে) জেলার গুরুদাসপুর, লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় পৃথকভাবে এসব দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাদিম মোস্তফা নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আবু সাইদ নামে আরও একজন আহত হয়েছেন। নিহত ও আহত দুজনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহার গ্রামে।
প্রায় একই সময়ে উপজেলার নাজিরপুর আঞ্চলিক সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক উদ্দীন নামে একজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
এদিকে, লালপুর উপজেলার লালপুর-রাজশাহী আঞ্চলিক সড়কে চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাজমিস্ত্রী আব্দুল কাদের। পরে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার রয়না ভরাট ও আইড়মারী ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ডিবিসি/এসএফএল