নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আট বছর বয়সী শিশু আব্দুল্লাহ। গতকাল (২৬ এপ্রিল) সোমবার সন্ধ্যায় উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিশু আব্দুল্লাহ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র এবং অটোরিকশাচালক আল আমিনের একমাত্র সন্তান ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যায় আল আমিন তার বাড়ির অটোরিকশাটি চার্জ দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে তারের সাথে আটকে যান। জীবন বাঁচাতে তিনি চিৎকার শুরু করলে পাশেই থাকা শিশু আব্দুল্লাহ বাবাকে উদ্ধারের জন্য দৌড়ে আসে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে না পেরে সে সরাসরি বাবাকে স্পর্শ করলে মুহূর্তের মধ্যেই শিশুটিও গুরুতরভাবে বিদ্যুতায়িত হয়।
এ সময় আব্দুল্লাহর মা আসমা খাতুন তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেন। এতে আল আমিন প্রাণে বেঁচে গেলেও জ্ঞান হারিয়ে ফেলে শিশু আব্দুল্লাহ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে আল আমিন-আসমা দম্পতি এখন শোকে পাথর হয়ে গেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো মোহরকয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
ডিবিসি/টিবিএ