জেলার সংবাদ

নাটোরে মাদকাসক্ত ছেলের ১ বছরের জেল চেয়েছিলেন বাবা, ভ্রাম্যমাণ আদালত দিলেন ৬ মাস

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদকাসক্ত সন্তানের হাত থেকে রক্ষা পেতে ও তাকে ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালতের কাছে ১ বছরের কারাদণ্ড চেয়েছেন এক অসহায় বাবা। তবে বিচারিক প্রক্রিয়া ও আইন অনুযায়ী আদালত ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। শুধু ওই যুবকই নন, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে আরও তিন মাদকাসক্ত যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

দণ্ডপ্রাপ্ত চার যুবক হলেন বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার আব্দুল আলীমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দা এলাকার জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬), একই এলাকার আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়ার জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)।

 

কান্নাজড়িত কণ্ঠে দণ্ডপ্রাপ্ত সোহানের বাবা আব্দুল আলীম জানান, তার ছেলে মাদকাসক্ত হয়ে পড়ার পর থেকেই পরিবারের ওপর নেমে আসে চরম দুর্বিষহ অবস্থা। টাকার জন্য সে প্রথমে তার ভ্যানের ব্যাটারি বিক্রি করে দেয়। এরপর ঘরের হাড়ি-পাতিল থেকে শুরু করে হাতের কাছে বিক্রয়যোগ্য যা পেয়েছে, তা-ই বিক্রি করে নেশা করেছে। মাদক সেবনে বাধা দিলে বাবা-মাকে সে মারধর করত। অতিষ্ঠ হয়ে এবং ছেলেকে একমাত্র নেশার পথ থেকে ফেরানোর শেষ উপায় হিসেবে তিনি আদালতের কাছে ১ বছরের জেল প্রার্থনা করেছিলেন। সেই সঙ্গে তিনি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের আটক করে আইনের আওতায় আনারও জোর দাবি জানান।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাদের মধ্যে সোহান আহমেদকে ৬ মাস, জাহিদুল ইসলামকে ৩ মাস এবং বাকি দুজনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন