জেলার সংবাদ

নাটোরে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবার হাত ভেঙে দিল বখাটেরা

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের সিংড়া উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক নারীর বাবাকে বেদম মারধর করে রক্তাক্ত জখম করার পাশাপাশি হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ফটিক (৫০), তিনি মৃত জামাল সরদারের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোলাবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ইমান দীর্ঘদিন ধরে ফটিকের ২৩ বছর বয়সী মেয়েকে রাস্তাঘাটে উত্যক্ত করাসহ জোরপূর্বক বিয়ে ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিল। দুই মাস আগে ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকে ইমানের উত্যক্তের মাত্রা আরও বেড়ে যায়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে নিষেধ করার পরও ইমান কর্ণপাত করেনি।

 

আহত ফটিক জানান, রবিবার ইফতারের পর তিনি বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে ইমান, রানা ও হাসানসহ কয়েকজন যুবক তাকে মুখ চেপে ধরে নির্জন স্থানে টেনেহিঁচড়ে নিয়ে যায়। সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর ও রক্তাক্ত জখম করা হয়। পরে মোটরসাইকেলের শব্দ শুনে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী তার বাবার ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

এ বিষয়ে অভিযুক্ত ইমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ব ম আব্দুর নূর জানান, ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন