নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় আসাদুজ্জামান (২৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া হাফেজিয়া মাদ্রাসা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি বাবার সাথে রাজমিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে আসাদুজ্জামান গাঁওপাড়া এলাকায় রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। বিকেল ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতের বাবা আশরাফ আলী জানান, আসাদুজ্জামান তার সাথেই রামপাড়া গ্রামে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখান থেকে সে আগেই চলে আসে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি লোকমুখে ছেলের মৃত্যুর সংবাদ পান। তিনি আরও জানান, আসাদুজ্জামান মাদকাসক্ত ছিলেন এবং সে কারণে মাঝেমধ্যেই তিনি অস্বাভাবিক আচরণ করতেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের পরিবার ও এলাকাবাসী মরদেহটি বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এসএফএল