জেলার সংবাদ

নাটোরে সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের মামলায় বিকাশ কর্মী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুয়া খেলায় টাকা হেরে তা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামের এক বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) স্বাধীন হোসেনকে বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য নগদ ২ লাখ টাকা এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স প্রদান করে নাটোরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজ কর্তৃপক্ষ। কিন্তু কিছুক্ষণ পর স্বাধীন দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তার গতিরোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

 

ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে, সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনাই ঘটেনি। এরপর পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বাধীন ভেঙে পড়েন এবং সত্য স্বীকার করেন। তিনি জানান, জুয়া খেলায় তিনি সব টাকা হেরে গেছেন। টাকা আত্মসাতের এই ঘটনা আড়াল করতেই তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প ফেঁদেছিলেন।

 

এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে স্টেশন বাজার এলাকা থেকে অভিযুক্ত স্বাধীনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুরো ঘটনা সম্পর্কে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন,‘তদন্তে আমরা জানতে পেরেছি এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, পুরোটাই সাজানো নাটক। অভিযুক্ত স্বাধীন জুয়া খেলে টাকাগুলো খুইয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আত্মসাৎকৃত এই অর্থ উদ্ধারের চেষ্টা চলছে এবং এই ঘটনার সাথে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’

 

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন