নাটোরের লালপুরে আব্দুস সামাদ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সামাদ উপজেলার সেকচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বিকেলে বাড়ির সংস্কার কাজের জন্য সিমেন্ট কিনতে পার্শ্ববর্তী কদিমচিলান বাজারে যান আব্দুস সামাদ। সেখানে দোকানদাররা বাজারদরের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করলে তিনি তার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে দোকানদার রুহুল আমিন (২১) ও তাঁর ভাই তরিকুল ইসলামসহ (১৯) বেশ কয়েকজন মিলে লোহার রড দিয়ে তাঁকে এলোপাথাড়ি পেটাতে থাকে।
এতে সামাদের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর নিহতের পিতা মোমিন মন্ডল বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ এজাহারভুক্ত আসামি তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তরিকুল ওই এলাকার তমেজ প্রামানিকের ছেলে। তবে মূল অভিযুক্ত রুহুল আমিনসহ অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনার পর নিহতের পিতা মামলা দায়ের করেছেন এবং পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএলএল