বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ জুন), ২০২৬ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। 

 

এ সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

 

মামলাটি প্রথমে নাটোরে রুজু হয় এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এর বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সরকারি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

 

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে এই মামলার আইনজীবী বলেন, দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেওয়া হয়েছে। 

 

এর মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। রায় ঘোষণা শেষে কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন