নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ফুচকা ব্যবসায়ীকে দলবদ্ধপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার (২ জুন) বিকেলে মদনহাট গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। আজ সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা অভিযুক্ত শরিফুলের বাড়ি ঘেরাও করে তাকে ধরে নিয়ে একটি গাছের সাথে বেঁধে দলবদ্ধপিটুনি দিতে থাকেন।
খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে, নির্যাতিত শিশুকে উদ্ধার করে নাটোর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ওই শিশুকে একই গ্রামের শরিফুল ইসলাম একটি ঘাসের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
আজ সন্ধ্যায় বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী আইন নিজেদের হাতে তুলে নেন এবং অভিযুক্তকে গাছের সাথে বেঁধে মারধর করেন। পুলিশ খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/টিবিএ