নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় মামলার বাদীকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই শিশুকে জামিন দেওয়া হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।
বিবাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শামীম উদ্দিন পিকে। তিনি জানান, দুপুরে হোসেন আলী নামের ওই শিশু শিক্ষার্থীকে শিশু আদালতের বিচারকের সামনে তথ্যপ্রমাণসহ উপস্থাপন করা হয়। সে স্থানীয় ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। বয়স ও সার্বিক দিক বিবেচনা করে বিচারক শিশুটিকে জামিন দেন এবং মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় বাদীকে কারণ দর্শানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৯ এপ্রিল উপজেলার ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ সরকারের সাথে স্থানীয় কয়েক শিশু-কিশোরের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরকারের বাবা শাহানুর রহমান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় ৭ বছরের শিশু হোসেন আলীর বয়স ২১ বছর দেখিয়ে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়।
ডিবিসি/কেএলডি