নাটোরের সিংড়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. আবু বক্কার সিদ্দিক (২১)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাটোর-এর বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন আক্তার এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া আটটার দিকে স্কুলে যাওয়ার পথে উপজেলার বিজয় নগর গ্রামের কওমি-মাদ্রাসার কাছে এক গলিতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিশুকে (৭) জোরপূর্বক ধর্ষণ করে একই এলাকার আবু হানিফের ছেলে আবু বক্কার সিদ্দিক (২১)।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মো. ইমরান আলী বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এজাহার দায়ের করেন।
পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে আসামির উপস্থিতিতে এই যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
আদালতের নির্দেশে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তির নিকট থেকে আদায়কৃত অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত শিশুটির (ভিকটিম) ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। দণ্ডিত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন