আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর এবং রেড রোডে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যটির শীর্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষ। রেড রোডে ঈদের নামাজ পড়ার অনুমতি না দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "নামাজ পড়তে হলে বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যান।"
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মূল অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। রেড রোডের এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ বহু মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।
যোগ দিবসের এই প্রস্তুতি ও নিরাপত্তার স্বার্থে রেড রোড সাত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। গত রবিবার রাত ১০টা থেকে আগামী রবিবার (২১ জুন) পর্যন্ত এই রাস্তায় সব ধরনের যান চলাচল স্থগিত থাকবে। ইতিমধ্যে সেখানে মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে।
সাধারণ মানুষের দুর্ভোগ ও রাস্তা বন্ধের এই বিষয়টি নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী আসলে সব রাস্তাই বন্ধ থাকে, তিনি যেখানেই যাবেন সেখানেই বন্ধ হবে। যেখানে যান চলাচল তুলনামূলক কম (রেড রোড), সেখানেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অন্য কোনো রাস্তায় করলে আরও বেশি সমস্যা হতো।
তবে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহার করতে না দেওয়ার প্রসঙ্গ উঠতেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে উগ্র মনোভাব ব্যক্ত করে দিলীপ ঘোষ বলেন, "ওনারা কোন হরি-দাস-পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়-এটা ঠিকই আছে। প্রধানমন্ত্রী বছরে একবারই আসছেন।
তিনি আরও যোগ করেন, ১০৭ বছর ধরে তো (নামাজ) চলেছে, এখন একবার বন্ধ করে দেওয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে? যান বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব আর চলবে না। সরকার পাল্টে গেছে। এগুলো বন্ধ করার জন্যই লোকে সরকার পাল্টেছে। আর এগুলো বন্ধ হবেই।
ডিবিসি/এসএফএল