জাতীয় দলের কোচিং প্যানেল নির্বাচনে নামের চেয়ে কাজের মানকে প্রাধান্য দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুলের ওপর আস্থা রেখে তিনি জানান, বিদেশি কোচিং প্যানেল অপরিহার্য নয়, দেশি কোচদের দিয়েও ভালো কাজ হচ্ছে।
আয়ারল্যান্ড সিরিজের আগে সালাউদ্দিনের বিদায় এবং আশরাফুলের অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ আলোচনা ছিল। তবে আইরিশদের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচে দলের দারুণ পারফরম্যান্স দেশি কোচদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। লিটন দাস মনে করেন, যখন দেশি কোচদের দ্বারা দল উপকৃত হচ্ছে, তখন বিদেশি কোচের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এর আগে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে বিপিএলকে দেখছেন অধিনায়ক। তিনি জানান, গত এক বছরে নির্বাচকরা অনেককে সুযোগ দিয়েছেন এবং তারা আস্থার প্রতিদানও দিয়েছেন। তবে বিপিএলে কেবল ভালো খেললেই জাতীয় দলের দরজা খুলবে না, এর জন্য ‘এক্সট্রা অর্ডিনারি’ বা অসাধারণ পারফরম্যান্স করতে হবে।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের কন্ডিশন বাংলাদেশের পরিচিত। তাই পিচ নিয়ে খুব একটা চিন্তিত নন লিটন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বিপিএলের তিনটি ভেন্যুতে খেলাকে তিনি দলের জন্য ‘প্লাস পয়েন্ট’ হিসেবে দেখছেন। টি-টোয়েন্টিতে বিদায়ী বছরটি বাংলাদেশের জন্য দারুণ কেটেছে, যেখানে ৩০ ম্যাচের ১৫টিতেই জয় এসেছে। আয়ারল্যান্ড সিরিজ ও বিপিএলের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বমঞ্চে চোখ রাখছেন লিটনরা।
ডিবিসি/এসএফএল