নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিএনপি কর্মী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনার শিকার ওই ব্যক্তির নাম আমির হোসেন। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার রাতে আড়াইহাজার চৌরাস্তা থেকে নিজের গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা দেন আমির হোসেন। গাড়িটি আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় চালকের আসনে থাকা আমির হোসেন অল্পের জন্য বেঁচে যান। গুলির পর তিনি গাড়ি থামালে ওই দুই মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে আমির হোসেন এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, গুলির ঘটনায় লিখিত অভিযোগ দিতে আমির হোসেন থানায় এসেছেন। পুলিশ তার বক্তব্য গ্রহণ করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ডিবিসি/এনএসএফ