বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির অফিসে পেট্রোল বোমা হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্ত ও আলামত অনুযায়ী, দুর্বৃত্তরা জানালার কাঁচ ভেঙে পেট্রোল বা এ জাতীয় কোনো দাহ্য বস্তু ভেতরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং দুইজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া জানান, মাসখানেক আগে কার্যালয়টির নির্মাণকাজ শুরু হয়ে মাত্র এক সপ্তাহ আগে শেষ হয়েছিল। 

 

শুক্রবার রাত বারোটা পর্যন্তও নেতা-কর্মীরা সেখানে অবস্থান করছিলেন। ভোরের দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়, তবে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের তীব্রতা ও প্রকৃতি দেখে এটি পেট্রোল বোমা হামলা বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করেন যে, আগুনের ঘটনার পেছনে বিরোধী দলের কারও হাত থাকতে পারে।

 

এ বিষয়ে ওসি সবজেল হোসেন জানান, স্থানীয় বিএনপি নেতারা লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ দায়েরের পর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন