বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বিকেলের দিকে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই ট্রান্সফরমারের দিক থেকে কালো ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যে এর একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন।

 

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ও সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ওই ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের ট্রান্সফরমারটি রক্ষা করা গেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন