পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিরল অ্যালবিনো জাতের দুটি মহিষ। যাদের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি খামারে একসাথে বেড়ে ওঠা এই মহিষ দুটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা।
খামার সূত্রে জানা যায়, একটি মহিষের মাথার শুভ্র ও রাজকীয় চুলের স্টাইলের কারণে মার্কিন প্রেসিডেন্টের সাথে মিল রেখে তার নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, পাশের মহিষটি স্বভাবগতভাবে কিছুটা রুক্ষ ও আক্রমণাত্মক হওয়ায় খামারের রাখালরা তার নাম রেখেছেন নেতানিয়াহু।
নারায়ণগঞ্জের বন্দরের এসএস ক্যাটল এগ্রো ফার্মে গেলেই দেখা মিলছে এই আলোচিত দুই মহিষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ তুঙ্গে। খামারটিতে এই দুই বিদেশি জাতের মহিষ ছাড়াও কয়েকশ দেশি-বিদেশি গরু ও ভেড়া রয়েছে।
খামারের রাখাল রাসেল জানান, মাথার বিশেষ চুলের স্টাইলের কারণে আমরা ভালোবেসে একটির নাম দিয়েছি ডোনাল্ড ট্রাম্প। অন্য মহিষটি কারণে-অকারণে রেগে যায় এবং অন্য মহিষদের সাথে লড়াই করতে যায়, যদিও লড়াই শেষে সে প্রায়ই পরাজিত হয়। তাই তার নাম রাখা হয়েছে নেতানিয়াহু।
সাদিয়া রহমান নামে এক দর্শনার্থী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম দুটি শুনে কৌতূহল নিয়ে দেখতে এসেছি। মহিষ দুটি দেখতে বেশ সুন্দর এবং আলাদা বৈশিষ্ট্যের।
ফার্মের স্বত্বাধিকারী মেহেনুমা মেহজাবিন বলেন, আমরা দীর্ঘ দিন ধরে খামার পরিচালনা করছি। এবার অ্যালবিনো জাতের মহিষ দুটি আমাদের খামারের বিশেষ আকর্ষণ। মূলত রাখালরাই শখ করে এই নামগুলো রেখেছে। আমরা আনুষ্ঠানিকভাবে এই নামগুলো দেইনি, তবে দর্শনার্থীদের কাছে নামগুলো বেশ জনপ্রিয় হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া জানান, পশুর এমন নামকরণ খামারিদের ব্যক্তিগত শখের বিষয়। তিনি আরও যুক্ত করেন, জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় পর্যাপ্ত উদ্বৃত্ত পশু রয়েছে। পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা প্রদানে এই টিমগুলো সার্বক্ষণিক তৎপর থাকবে বলেও জানান তিনি।
ডিবিসি/এসএফএল