নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাননি। এ প্রসঙ্গে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের বিষয়টি তাদের জানা নেই। স্থানীয় কেউ ফায়ার সার্ভিসকে এ বিষয়ে অবগত করেননি।
ডিবিসি/পিআরএএন