নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (২৬) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যান। আজ রোববার (৮ মার্চ) সকালে উপজেলার জালকুড়ি কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের বাধা দেন। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারী দলের দুজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে যান। ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তবে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডিবিসি/পিআরএএন