নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত রাষ্ট্রের ‘ক’ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) পদ্মা পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গোদনাইল ডিপোতে অনধিকার প্রবেশ, মহড়া এবং কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কেপিআই ভুক্ত এই স্থাপনায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিপো কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ডিপোর এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) ডেলিভারি পয়েন্টে কর্মরত দুজন ক্যাজুয়াল স্টাফকে অপসারণ করে সেখানে নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এর জের ধরে স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের নেতা ও তার অনুসারীরা ডিপোর ভেতরে প্রবেশ করেন। অভিযোগে বলা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল মোল্লা এবং তার সহযোগী সজীব ভূঁইয়ার নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জন ব্যক্তি ডিপোর অভ্যন্তরে প্রবেশ করে মহড়া দেন। এ সময় তারা নবনিযুক্ত দুই কর্মচারীকে সেখান থেকে চলে যেতে এবং পূর্বে দায়িত্বে থাকা কর্মচারীদের পুনর্বহালের দাবি জানিয়ে হুমকি প্রদান করেন।
জানা যায়, অভিযুক্তরা প্রায় আধা ঘণ্টা ডিপোর ভেতরে অবস্থান করে সকাল সাড়ে ১১টার দিকে সেখান থেকে চলে যান। এছাড়া নবনিযুক্ত কর্মচারীদের মোবাইল ফোনেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পদ্মা পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গোদনাইল ডিপো রাষ্ট্রের একটি 'ক' শ্রেণির কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)। এ কারণে সেখানে এ ধরনের প্রবেশ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে ডিপো কর্তৃপক্ষ।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং ইতিমধ্যেই ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিসি/আরএসএল