নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নিজ বাড়িতে একা থাকার সুযোগে তাঁর ভাসুর কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী সংজ্ঞাহীন হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে ফেলে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আলালকে (৪০) গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ধর্ষণ মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডিবিসি/ এসভিএন