জেলার সংবাদ

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, ছেলেসহ আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে স্টেইনলেস স্টিলের পাইপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরফান মোল্লা (৫৫) নামের এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ও অপর এক মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরফান মোল্লা উপজেলার গোলাকান্দাইল এলাকার মৃত আফতাব মোল্লার ছেলে। আহতরা হলেন তার ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং ওই কাজে নিয়োজিত মিস্ত্রি সাদিকুর রহমান। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরফান মোল্লা তার নির্মাণাধীন ভবনের চারতলার ছাদে এসএস পাইপ বসানোর কাজ করছিলেন। এ সময় লম্বা পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন ও মিস্ত্রি সাদিকুরও বিদ্যুতের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন