নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- অনিক, আকাশ খান ও চান্দি বাবু।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু মামলার বিবরণে জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টায় এআইইউবির কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাসা থেকে বের হন। পথে শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইয়ে বাধা দিলে আসামিরা তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এই চাঞ্চল্যকর হত্যার ঘটনায় নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে। আদালত চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে দোষীদের সর্বোচ্চ শাস্তির এই রায় প্রদান করেন।
আদালতের এই রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে এবং দ্রুত তা কার্যকর করা হবে। এদিকে, নিহতের বাবাও রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অবিলম্বে খুনিদের ফাঁসির রায় কার্যকরের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন।
ডিবিসি/পিআরএএন