জেলার সংবাদ

নারায়ণগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্বশত্রুতার জেরে সজীব নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে গোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজীব ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়া এবং প্রায় তিন মাস আগে মাইকেল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন সজীব। পথিমধ্যে মাদক ব্যবসায়ী মাইকেল, তার ছেলে আকাশসহ ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা সজীবকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা ও মাদকের বিরোধের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন