নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এই আগুন লাগার খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে শপিংমলের দোকান মালিক ও মার্কেট কর্তৃপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অভিযোগ, মার্কেট থেকে তাদের উচ্ছেদ করার উদ্দেশ্যেই মালিকপক্ষ পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে, দোকানদারদের এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অনাকাঙ্ক্ষিতভাবে এই দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
ডিবিসি/পিআরএএন