জেলার সংবাদ

নারায়ণগঞ্জে সামান্য ধাক্কায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকার ও সিএনজির সঙ্গে অটোরিকশার সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রায়হান সিএনজি পাম্পের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম রফিকুল ইসলাম। তিনি পটুয়াখালী জেলার ঘেরাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই সিএনজি পাম্পের ভেতরে একটি প্রাইভেটকার ও সিএনজি প্রবেশের সময় রফিকুল ইসলামের অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এ নিয়ে প্রাইভেটকার চালক নাদিমের সঙ্গে রফিকুলের বচসা ও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাদিম অটোরিকশা চালক রফিকুলকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

 

পরবর্তীতে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে রফিকুলকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

এই ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অটোরিকশা চালককে মারধরের অভিযোগে অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন