নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ (স্কাফ) সিরাপসহ ফারুক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পাথরবোঝাই ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে একটি পাথরবোঝাই ট্রাক থেকে কয়েকটি বস্তায় ভরে সিএনজি অটোরিকশায় মাদক নামানো হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো তল্লাশি করে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপ উদ্ধার করে।
এ সময় হাতেনাতে মাদক কারবারি ফারুককে গ্রেপ্তার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে পুলিশ।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলেই গ্রেপ্তারকৃত মাদক কারবারি ফারুককে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবিসি/এমএনকে