নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পিলারের নিচে খাদ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১টি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এসব একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
র্যাব আরও জানায়, রাত্রিকালীন টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে টহল টিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্রিজের পিলারের খাদ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। কোথাও অবৈধ অস্ত্র বা মাদকের সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/ এইচএপি