ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত সদর উপজেলা, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনের পর অনিয়ম ও অসঙ্গতি পাওয়ার অভিযোগে দুই সহকারী কমিশনারসহ (ভূমি) ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির। শোকজপ্রাপ্ত দুই এসিল্যান্ড হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা থানা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। বাকি ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিস্তারিত নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

জেলা প্রশাসক রায়হান কবির জানান, সোমবার সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন খানপুরের এই তিনটি ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং অফিসে উপস্থিত না থেকেই আগেভাগে হাজিরা খাতায় স্বাক্ষর করার মতো গুরুতর অনিয়ম দেখতে পান, যা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

 

এ সময় প্রতিমন্ত্রী বলেন, 'কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।'

 

অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট দুই এসিল্যান্ডসহ মোট ১৮ জনকে শোকজ করা হয়েছে। অভিযুক্তদের আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন