নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় মাদক উদ্ধারের নামে অভিযানে গিয়ে স্বর্ণ চুরির মামলায় দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে যাওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার এবং সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশের দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও মো. রানাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুই সোর্সকে সঙ্গে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় সুমা আক্তার নামের এক নারীর বাড়িতে মাদক উদ্ধারে নামে। সেখানে তাঁরা গহণা চুরি করেন। এই ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্য এবং তাদের দুই সোর্সকে গ্রেপ্তার করে। একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে, গত ২ জুলাই বিকেলে ফতুল্লার জামতলায় ওই বাড়িতে সাদা পোশাকে সোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালানোর সময় স্থানীয় লোকজন দুই সোর্সসহ ওই দুই পুলিশ সদস্যকে গণপিটুনি দেয়। পরে জরুরি নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ডিবিসি/আরএসএল