নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ আহত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ফতুল্লার শিয়াচর হাজীবাড়ি মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলা ছাত্রদল নেতাসহ উভয় গ্রুপের ৮ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়াচর হাজীবাড়ি মোড় এলাকায় মাদক ব্যবসা, কলকারখানার ঝুট ব্যবসা ও ভূমি দস্যুতার একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল জয়নাল আবেদীনের হাতে। সম্প্রতি এই আধিপত্যে ভাগ বসাতে চান ইউনুস মাস্টার ও তার অনুসারীরা। এই বিরোধের জেরে শনিবার দুপুর থেকে উত্তেজনা দেখা দেয় এবং বিকেলে উভয় গ্রুপের কয়েকশ লোক দেশীয় ধারালো অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক বোমা বিস্ফোরণ ও একাধিক বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৮ জনকে আটক করে। আটককৃতরা হলেন- কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আটককৃতদের কয়েকজনের কাছ থেকে গাঁজা, হেরোইন ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/আরএসএল