নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় চাঁদাবাজদের হামলায় আহত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হওয়ার পর আজ বুধবার (২০ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
নিহত অটোরিকশাচালকের নাম মো. মমিন। তিনি সোনারগাঁও উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, গত রবিবার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায় করে। এর কিছুক্ষণ পর সে আবারও চাঁদা চাইলে মমিন পুনরায় দিতে অস্বীকৃতি জানায়। এসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহিন তার হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় মমিনকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে।
এদিকে অটোরিকশাচালক মমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী ও স্বজনরা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানিয়েছেন, এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ডিবিসি/আরএসএল