নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানে হামলার ঘটনায় অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে সভাস্থলের মঞ্চ ও চেয়ার। আজ শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
অনুষ্ঠানের আয়োজক ও কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত অভিযোগ করে জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাসীরুদ্দিন পাটোয়ারীর উপস্থিত থাকার কথা ছিল। তার আগমন বানচাল করতে শুক্রবার রাতেই দুর্বৃত্তরা স্টেজের বাঁশ ভেঙে দেয়। এরপর শনিবার অনুষ্ঠান শুরু হওয়ার আধা ঘণ্টা আগে প্রায় তিন শতাধিক লোক গিয়ে সেখানে হামলা চালায়।
ঘটনার পর বিকেল ৫টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। তিনি তার বক্তব্যে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে তারা খবর পেয়েছেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এরপর আমন্ত্রিত অতিথি সফলভাবেই তার প্রোগ্রাম সম্পন্ন করেছেন। হামলার বিষয়টি পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে।
ডিবিসি/টিবিএ