বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন আহত হওয়ার ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূঁইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)।
 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রিপন জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
 

গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ অন্তত ছয়জন আহত হন। একই রাতে ওই এলাকার একটি বাড়িতে হানা দিয়ে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দলটি।
 

এই ঘটনার পরদিন আহত ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতাতেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন