বাংলাদেশ

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দুজন ঢাকা মেডিকেলে প্রেরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি তিন তলা ভবনের নিচতলায় তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে আরমান মিয়ার মালিকানাধীন ভবনের নিচতলায় অবস্থিত একটি ঝুটের গুদামে এই বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর দগ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে ওই ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় নিচতলার দেয়ালের একাংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এই ঘটনায় ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং ওই বাড়ির ভাড়াটিয়া ছগির গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

 

বিস্ফোরণের প্রচণ্ড ঝাঁকুনিতে ওই ভবনের চারপাশের আরও অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর জানালার কাঁচ ভেঙে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

 

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে নির্গত গ্যাস ঝুটের গুদামে জমে ছিল। কোনোভাবে আগুনের সংস্পর্শে আসায় এই বিস্ফোরণ ঘটেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন