নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শংকর (২৫) নামে এক যুবক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শংকরের শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। গত বুধবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনায় শংকরসহ মোট ১২ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দগ্ধের পরিমাণ কম থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শংকরের মৃত্যু হলেও বর্তমানে আরও পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুর পৌনে ২টার দিকে মেঘনাঘাট এলাকার ওই পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কর্মরত ও অবস্থানরত ব্যক্তিরা দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
ডিবিসি/টিবিএ