নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় ডাকাতি প্রতিরোধে টহল দেওয়ার সময় বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে দশটার দিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন সরদার খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বাগেরহাট জেলা থেকে প্রেষণে নৌ পুলিশে কর্মরত ছিলেন।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বন্দরের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মকবুল হোসেন চারজন কনস্টেবল নিয়ে নিয়মিত টহলে ছিলেন। টহল চলাকালীন একটি বাল্কহেডের সাথে পুলিশবাহী নৌযানটির সংঘর্ষ হলে সেটি নদীতে উল্টে যায়। নৌযানে থাকা অন্যান্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে আত্মরক্ষা করতে পারলেও কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/টিবিএ