নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা ২৫ হাজার টাকা আদায় করতে ৯ মাসের এক শিশুকে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা সোনিয়া (৩০) নামে এক নারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় সোনিয়ার স্বামীকেও আটক করে পুলিশ। আটকৃতরা হলেন- সোনিয়া ও তার স্বামী আশরাফুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। গত দুই মাস আগে জলিল ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা দিতে কালক্ষেপণ করছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডাও হয়।
পাওনা টাকা না পেয়ে বৃহস্পতিবার দুপুরে সোনিয়া ও আশরাফুল মিলে জলিল মিয়ার ৯ মাস বয়সী শিশুসন্তান ওয়াসিককে তার নানার বাড়ি থেকে চুরি করে নিয়ে যান। পরে বিকেলে রূপগঞ্জের বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশের দোকানের নম্বর দিয়ে পাওনা ২৫ হাজার টাকা পাঠাতে বলেন তারা। টাকা না দিলে শিশুকে আর ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
বিকাশ দোকানি বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানালে তারা সোনিয়াকে আটক করে গণধোলাই দেয়। তবে এ সময় তার স্বামী আশরাফুল কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোনিয়াকে হেফাজতে নেয় এবং শিশু ওয়াসিককে সুস্থ অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে শিশু চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এসএফএল