নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার ঘণ্টাখানেকের ব্যবধানে ইমন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন স্থানীয় মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন ইমন। তবে বাসায় ফেরার কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে কল দিয়ে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের একটি বাড়ির সামনে ডেকে নিয়ে যান।
সেখানে পৌঁছানো মাত্রই ফেরদৌস তাকে চিহ্নিত সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয় ও বিল্লালের ছেলে হৃদয়সহ অন্যান্য সহযোগীদের হাতে তুলে দেয়। এসময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে প্রাণ বাঁচাতে তিনি পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়িতে আশ্রয়ের চেষ্টা করেন। কিন্তু ঘাতকরা সেখানেও তাকে ধাওয়া করে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ওমর খৈয়াম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে হৃদয়ও সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয়েছে এবং ইমন তার সাথেই ইলেকট্রিকের কাজ করতেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এএমটি