নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত ও একজন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ও পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পে এসব দুর্ঘটনা ঘটে।
গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় নিজের নির্মাণাধীন তিনতলা ভবনের থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাড়ির মালিক আফরান মোল্লা। ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার শরীর ঝলসে যায়। এ ঘটনায় দগ্ধ থাই মিস্ত্রি সাদিকুল ইসলামকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে রাত ৭টার দিকে তিনিও মারা যান। দুর্ঘটনায় দগ্ধ আফরান মোল্লার ছেলে লিয়ন মোল্লা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
অন্যদিকে, বিকেলে পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ৫০৩ নম্বর সড়কে একটি নির্মাণাধীন নয়তলা ভবনের ছয়তলায় পলেস্তারের কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান দুই রাজমিস্ত্রি। এতে ঘটনাস্থলেই আলমগীর ইসলাম ও আলম বাদশা নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/পিআরএএন