নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদল কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারীরা এই হামলা চালায়। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে চার যুবদল নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মামুন, কাউসার, শ্রী নিতাই এবং দেলোয়ার হোসেন। প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি চলাকালে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়ার মধ্যে একপর্যায়ে তর্কবিতর্ক শুরু হয়। এর জের ধরে পরবর্তীকালে ওকিল উদ্দিন ভূঁইয়া জেলা পরিষদের কার্যালয় থেকে বের হওয়ার সময় গেটের সামনে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলাকারীরা তাকে ব্যাপক মারধর করে এবং তার পরিহিত জামাকাপড় ছিঁড়ে ফেলে। পরে উপস্থিত অন্য নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ভুক্তভোগী বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়া জানান, অনুষ্ঠানের শুরুতে মশিউর রহমান রনির সাথে তার তর্কবিতর্ক হয়েছিল।
পরে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা একত্রে বসে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু কার্যালয় থেকে বের হওয়ার সময় গেটের সামনে রনির কর্মীরা তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এই ন্যাক্কারজনক ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শুরুতে তাদের দুইজনের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, যা পরবর্তীতে উভয়পক্ষ মিলে সমাধান করে নেন। তবে অতিউৎসাহী কিছু কর্মী কার্যালয় প্রাঙ্গণে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিবিসি/টিবিএ