নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদক কারবারীকে আটকের পর সংশোধনের জন্য ৪০ দিনের তাবলীগ চিল্লায় পাঠিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। একইসাথে তাকে স্বাভাবিক জীবনে ফিরে এসে ব্যবসা করতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকায়। অভিযুক্ত মঞ্জুর হোসেন (৩৮) ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, মঞ্জুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এর আগে দুইবার গ্রেফতার হয়ে জেল থেকে জামিনে বেরিয়ে তিনি আবারও পুরনো পেশায় ফিরে যান তিনি। এতে অতিষ্ঠ হয়ে গত শুক্রবার রাতে তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করেন।
সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এ খবর পেলে তার পক্ষ থেকে ছোট ভাই রাকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মঞ্জুরকে পুলিশের হাতে না দিয়ে সংশোধনের একটি বিশেষ সুযোগ দেন। এই উদ্যোগের অংশ হিসেবে তাকে ৪০ দিনের জন্য তাবলীগ জামাতের চিল্লায় পাঠানো হয় এবং তার পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যতে নতুন কোনো কর্মসংস্থানের জন্য নগদ ৫০ হাজার টাকাও দেওয়া হয়।
রাকিবুল ইসলাম জানান, মাদক ও অপরাধমুক্ত আড়াইহাজার গড়তে হলে কেবল কঠোর আইন প্রয়োগই যথেষ্ট নয়, অপরাধীদের মাঝে মাঝে সংশোধনের সুযোগ দেওয়াও প্রয়োজন। সেই চিন্তা থেকেই এই ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে চিল্লায় যাওয়ার সময় নিজের ভুল স্বীকার করে মঞ্জুর হোসেন জানান, এলাকাবাসী তাকে যে সুযোগ দিয়েছে তা কাজে লাগিয়ে তিনি ভবিষ্যতে সঠিক পথে চলতে চান।
ডিবিসি/টিবিএ