নারায়ণগঞ্জের আড়াইহাজারে জন্মদাতা মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় পারভেজ খান (২৫) নামের এক মাদকাসক্ত যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুর রহমান এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। অতিষ্ঠ হয়ে গত ৩০ এপ্রিল নির্যাতনের শিকার বাবা-মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার সকালেও মাদকের টাকার দাবিতে পারভেজ তার মা-বাবাকে পুনরায় মারধর করেন এবং ঘরের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে তাণ্ডব চালান। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত পারভেজ খানকে বিকালেই নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিসি/ এসএফএল