বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে মোবাইল কিনে না দেয়ায় বাবাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা জুন ২০২৬ ০৭:৪৮:২৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা কামাল মিয়াকে (৪৫) বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে সালমানকে (২০) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বর্তমানে আহত বাবা রাজধানীর পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে সবজি বিক্রি করতেন। বেশ কিছুদিন ধরে সালমান তার বাবার কাছে একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। 

 

কিন্তু আর্থিক সংকটের কারণে কামাল মিয়া তা কিনে দিতে পারছিলেন না। এই বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বাবা ও ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা বটি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। কামাল মিয়ার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

 

আহত কামাল মিয়াকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে এবং হামলায় ব্যবহৃত বটিটি উদ্ধার করে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত সালমান মাদকাসক্ত। মোবাইল ফোন কেনা নিয়ে বিরোধের জেরে সে তার বাবার ওপর এই বর্বরোচিত হামলা চালায়। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন