বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিশ বৈঠককে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দেওয়া নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের হাতাহাতি হয়। ওই ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এ ঘটনার নিষ্পত্তিতে সোমবার বরুনা এলাকায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আমিন হোসেনের পক্ষে তার ভাই রফিকুল ইসলাম এবং অপর পক্ষে বিল্লাল হোসেন তাদের লোকজন নিয়ে উপস্থিত হন। সালিশ চলাকালে উভয় পক্ষের লোকজন তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এবং পাল্টাপাল্টি গুলিবর্ষণ করে। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সংঘর্ষের বিষয়ে রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, বিল্লাল হোসেন ও তার লোকজন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা, গুলিবর্ষণ এবং ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। অন্যদিকে বিল্লাল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, সালিশে রফিকুল ইসলামের লোকজনই পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা, গুলিবর্ষণ এবং ভাঙচুর চালিয়েছে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন