বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে ২০২৫ সালের প্রশ্নপত্রে হলো দেড় ঘণ্টা পরীক্ষা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র সরবরাহ করার ঘটনা ঘটেছে। উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ (২১ এপ্রিল) মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বসা ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে উদ্ভূত পরিস্থিতিতে বোর্ডের সাথে আলোচনা করে নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা সময় বৃদ্ধি করে ২টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে।

কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের মোট ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরুর পর কেন্দ্র থেকে ১৭৭ জন শিক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। 

 

শিক্ষার্থীরা সেই পুরোনো প্রশ্নপত্রেই প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেওয়ার পর বিষয়টি তাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের অবগত করা হলে স্থানীয় উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডকে জানানো হয়। পরবর্তীতে সঠিক প্রশ্ন সরবরাহ করে পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় প্রদান করা হয়।

 

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, প্রথম দিন হওয়ায় শুরুতে সিলেবাসের সালের বিষয়টি তাদের নজরে আসেনি। ভুল বুঝতে পারার পর অনেকের মধ্যে ফেল করার আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। 

 

ভুক্তভোগী শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার দাবি জানিয়েছে। এদিকে অভিভাবকদের পক্ষ থেকে কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকার জানান, সিলেবাসের সাল নজরে না আসা এবং অতিরিক্ত দুটি প্রশ্নের প্যাকেট আসার কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভবিষ্যতে এ বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বিষয়টি জানার পরপরই শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে অতিরিক্ত সময় দিয়ে নতুন সিলেবাসের প্রশ্নে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ার ফলে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন