নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে অবৈধভাবে মজুদ করা ডিজেলসহ নাসির (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাফি বিন কবির, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/এসএফএল