প্রাপ্তবয়স্ক নারীদের নিজেদের ধর্ম, বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা দুই বোনকে আগামী ৬ আগস্ট আদালতে হাজির করতে উত্তরপ্রদেশ প্রশাসন ও তাদের বাবাকে নির্দেশ দেওয়া হয়েছে।
দিব্যা ওরফে জয়া (২০) এবং আংশু ওরফে আমিনার (৩৫) পক্ষে দায়ের করা এক হেবিয়াস কর্পাস পিটিশনের শুনানিতে বিচারপতি সন্দীপ জৈন এ মন্তব্য করেন। আবেদনে বলা হয়, ইসলাম গ্রহণ ও নিজেদের পছন্দে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় পুলিশের সহায়তায় ওই দুই বোনকে তাদের বাবা বেআইনিভাবে আটকে রেখেছেন।
আদালত জানান, ওই দুই নারী প্রাপ্তবয়স্ক এবং নিজেদের বিশ্বাস, বিয়ে, বাসস্থান ও ভবিষ্যৎ নির্ধারণে তারা সম্পূর্ণ সক্ষম। আদালত বলেন, এই দাবিগুলো সত্যি হলে তাদের বাবা বা অন্য কারও হস্তক্ষেপ সংবিধান স্বীকৃত মর্যাদা, গোপনীয়তা, ব্যক্তিগত স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার অধিকারের ওপর অন্যায্য হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে।
হাইকোর্ট জানান, ওই দুই নারী নিজেদের স্বাধীন ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন কি না, নাকি তাদের বেআইনিভাবে আটকে রাখা হয়েছে, তা নিশ্চিত করাই আদালতের প্রধান দায়িত্ব। তাই আগামী ৬ আগস্ট তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিচারক সরাসরি কথা বলে তাদের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত হতে পারেন।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, নির্ধারিত তারিখে ওই নারীদের হাজির করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হলফনামা জমা দিয়ে এর কারণ ব্যাখ্যা করতে হবে। একইসঙ্গে তাদের হাজির করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও বিস্তারিত জানাতে হবে। আগামী ৬ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন