ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটের শুনানি আজ অনুষ্ঠিত হতে পারে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন একই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
রিট আবেদনে অভিযোগ করা হয়েছে যে, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। নির্বাচনী আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া যায় না, তাই তার প্রার্থিতা বাতিলের আর্জি জানানো হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানিয়েছেন, শুনানির জন্য আজ বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনটি বেশ গুরুত্বপূর্ণ। গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। এই আসনে নাহিদ ইসলাম ও শামীম আহমেদ ছাড়াও বিএনপির এম এ কাইয়ুম, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদসহ আরও বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডিবিসি/পিআরএএন