খেলাধুলা, ক্রিকেট

নাহিদ রানার ইনজুরির খবরে হতাশ ক্রিকেট অস্ট্রেলিয়াও

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাহিদ রানার ইনজুরির খবর যেন শুধু বাংলাদেশকেই নয়, হতাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও। অন্তত ক্রিকেট অস্ট্রেলিয়ার এশিয়া অঞ্চলের মিডিয়া ম্যানেজারের বক্তব্যে সেই আক্ষেপই ফুটে উঠেছে। তিনি বলেন, ‘নাহিদকে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এসে সে কী করতে পারে, সেটা দেখার জন্য আমরাও মুখিয়ে ছিলাম। এশিয়ার একজন পেসার এত গতিতে বল করছে, নিয়মিত বাউন্সার দিচ্ছে-এটা সত্যিই দারুণ ব্যাপার।’

কিছুদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে নাহিদ রানাকে ‘এক্সসাইটিং ট্যালেন্ট’ ও ‘পেস সেনসেশন’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এই তরুণ গতিতারকার আগুনঝরা বোলিং দেখার অপেক্ষায় ছিল তারাও। একই স্বপ্ন ছিল নাহিদের নিজেরও। সেই লক্ষ্য সামনে রেখেই তিনি ফিটনেস ও শরীরের যত্নে বাড়তি মনোযোগ দিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও একটি ম্যাচ খেলতে নেমে গুরুতর চোটে পড়েন তিনি। ফলে বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফরও অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

একাধিক সূত্রের দাবি, ম্যাচের আগে অস্বস্তি থাকায় নাহিদ খেলতে অনিচ্ছুক ছিলেন। তবু সিরিজে ঘুরে দাঁড়ানোর তাগিদে তাকে খেলানো হয়। এখন অস্ট্রেলিয়া সফরের আগে তাকে হারানোর পর সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠছে ক্রিকেটাঙ্গনে।

 

বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের, যিনি নিজেও ইনজুরির কারণে ২০০৩ সালের অস্ট্রেলিয়া সফর মিস করেছিলেন, শিষ্যের জন্য প্রার্থনা করে বলেন, ‘আশা করি ওর ক্যারিয়ারটা যেন আমার মতো না হয়। আমার চেয়ে অনেক, অনেক বড় ক্যারিয়ার হোক ওর।’

আরও পড়ুন